*কুমিল্লাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: ২৪ ঘণ্টায় ৮৪ জন গ্রেপ্তার, আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান:*

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

মাদকের সামাজিক ব্যাধি ও বিস্তার রোধে কুমিল্লা জেলাজুড়ে চলছে ব্যাপক ও সমন্বিত মাদকবিরোধী অভিযান। সামাজিক অবক্ষয় রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কুমিল্লা জেলার পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে *‘জিরো টলারেন্স’* নীতি ঘোষণা করেছেন। এ নীতির আলোকে জেলার বিভিন্ন থানায় নিয়মিতভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিচালিত হচ্ছে সাঁড়াশি মাদকবিরোধী অভিযান।অভিযানের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্যের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্ট আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এরই মধ্যে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক, বিচারিক আদালত-০৪ কর্তৃক গত তিন দিনে ৭৫ জন মাদকের সাথে সংশ্লিষ্ট আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

 

কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে স্পষ্ট বার্তা দিচ্ছে যে, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী, পরিবেশক কিংবা মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

কুমিল্লাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত মাদকের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।'