​চান্দিনায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু: জমি সংক্রান্ত বিরোধ ও মামলার তথ্য প্রকাশ

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম

মোঃ আবুল কালাম আজাদ 

বিশেষ অতিথি,কুমিল্লা:

 

​কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের দক্ষিণপাড়া শীল বাড়িতে পারিবারিক কলহের জেরে বীণা রানী সেন (স্বামী- দিলীপ কুমার রায়) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

​পূর্বে একে ডাকাতির ঘটনা বলে দাবি করা হলেও পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এটি কোনো ডাকাতির ঘটনা নয়; বরং দীর্ঘদিনের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হতাহতের ঘটনা ঘটেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে সুরেশ চন্দ্র শীলের সাথে ভিকটিমের পরিবারের বিরোধ চলছিল। এর জেরে সুরেশ চন্দ্র শীল মারধর ও হুমকির অভিযোগে এবং তার মেয়ে সুষমা রানী শীল ভিকটিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চান্দিনা থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছিলেন। সোমবার রাতে কলহের এক পর্যায়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান বীণা রানী সেন।

​আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা রেফার করেন। তবে কুমিল্লায় নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

​সংবাদ পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পুলিশ ভিকটিমের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

​এ বিষয়ে চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

​এ বিষয়ে দৈনিক 'কুমিল্লার আলো'কে চান্দিনা থানার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে বিষয়টিকে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটে যাওয়া ঘটনা বলেই মনে হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।