২ দিনের আল্টিমেটাম ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় সৌদি প্রবাসী শরিফুল ইসলামের পরিবার
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম
চান্দিনা উপজেলা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার তুলাতলি নতুন বাড়ি এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে মবিন মিয়ার ছেলে সাকিবের বিরুদ্ধে। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি প্রবাসী মো. শরিফুল ইসলাম ও তার পরিবার।
অভিযোগকারী সৌদি প্রবাসী মো. শরিফুল ইসলামের স্ত্রী তাসলিমা বেগম। তিনি তুলাতলি নতুন বাড়ি এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই বাড়িতে যৌথ পরিবারের সদস্য হিসেবে শিরিনা বেগম বসবাস করেন। অন্যদিকে, মরহুম ফরিদ হোসেনের দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম ঢাকায় বসবাস করায় বাড়ির দেখাশোনার দায়িত্ব মবিন মিয়াকে দেওয়া হয়েছে বলে জানান তাসলিমা বেগম।
তাসলিমা বেগমের অভিযোগ, গত ২ সেপ্টেম্বর যৌথ পরিবারের রাস্তার পাশে লাগানো গাছ থেকে মবিন মিয়া দুটি কলার ছড়া পেড়ে নিয়ে যান। এ সময় তিনি অভিযোগ করেন, কলা পেড়ে নিয়ে যাওয়া হলেও তাদের কোনো কলা দেওয়া হয়নি।
এ নিয়ে কথা বলার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করেন তাসলিমা। তার অভিযোগ, এ সময় মবিন মিয়া লাঠি নিয়ে তাকে মারতে উদ্যত হন।
পরবর্তীতে মবিন মিয়ার ছেলে সাকিব ঘর থেকে তাসলিমাকে উদ্দেশ্য করে দুই দিনের আল্টিমেটাম দেন এবং তাদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না বলে হুমকি দেন—এমন অভিযোগ করেন তাসলিমা বেগম।
তার আরও অভিযোগ, বাড়ির দেখাশোনার দায়িত্ব মবিন মিয়াকে দেওয়া হলেও যৌথ পরিবারের রাস্তার পাশে থাকা গাছের ফল তিনি একাই ভোগ করছেন। এ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় সৌদি প্রবাসী শরিফুল ইসলামের পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এ বিষয়ে মবিন মিয়ার বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা তার বাড়িতে গেলে সেখানে তার পুত্রবধূর সঙ্গে কথা হয়। তিনি এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। মবিন মিয়া ও সাকিবের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
পরে সাকিবের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে মবিন মিয়া ও সাকিবের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তাসলিমা বেগমের দাবি, অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
আরও পড়ুন
বুড়িচং পীরযাত্রা পুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কামাল হোসেন তালুকদার এর আমন্ত্রণে গ্রামবাসী একত্রিত হয়, এবং সবাই সহমত পোষণ করেন ও মতবিনিময় সভা সফল হয়।
চৌদ্দগ্রামে নিজ গাড়ির চাকা বাস্ট হয়ে মালিক ইয়াসিনের মৃত্যু
কুমিল্লায় বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার