বাগমারা ফোর লেন ও ইপিজেড বর্জ্য সমস্যা সমাধানে লালমাইয়ে ডিসির আশ্বাস

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

মোঃসালামত উল্লাহ

কুমিল্লা জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আকতারের লালমাই উপজেলায় শুভাগমন উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাসের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম, স্থানীয় সমস্যা, জনসেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং আইনশৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়ে অংশীজনদের মতামত শোনেন তিনি। সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল, পোশাক ও ডিউটি সরঞ্জাম তুলে দেন তিনি। 

ডিসি রোজী আকতার বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার অংশে ফোর লেনের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি ইপিজেডের দূষিত বর্জ্যের বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। পরিবেশের ওপর যাতে এর বিরূপ প্রভাব না পড়ে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি স্থানীয় পর্যায়ে সরকারি সেবার মান আরো উন্নত করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংবাদকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।