প্রিন্ট এর তারিখঃ 2026-10-05 20:53:14

হোমনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, প্রয়াত শিক্ষকের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা প্রদান।


হোমনা প্রতিনিধি: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, আর্থিক সহায়তা প্রদান ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কুমিল্লার হোমনায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে র‍্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন। এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা রক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”। প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, দায়িত্ব ও শিক্ষা ব্যবস্থায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলী, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু হানিফ, হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভূঁইয়া, কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালামত উল্লাহ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অনুষ্ঠানে প্রয়াত প্রভাষক জেলহক আহম্মেদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাঁর পরিবারের হাতে ২ লাখ টাকা এবং রেহানা মজিদ মহিলা কলেজের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষক-কর্মচারীদের সার্বিক কল্যাণ এবং প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।