প্রিন্ট এর তারিখঃ 2026-09-07 21:58:17

জামিরা মহিলা দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান


মোঃসালামত উল্লাহ কুমিল্লার লালমাই উপজেলার জামিরা মহিলা দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মাদ্রাসার শিক্ষকদেরও সম্মাননা দেওয়া হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) মাদ্রাসা মিলনায়তনে জামিরা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস।  জামিরা মহিলা দাখিল মাদ্রাসার সুপার খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সদ্য বিদায়ী সভাপতি ও লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য এনামুল হক মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন মজুমদার-সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় এগিয়ে গিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। পরে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের সাফল্যে অবদান রাখায় মাদ্রাসার শিক্ষকদেরও সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে লালমাই উপজেলার মধ্যে পরপর সর্বোচ্চ ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের স্বীকৃতিস্বরূপ মাদ্রাসার সদ্য বিদায়ী দুইবারের সাবেক সভাপতি ড. শাহজাহান মজুমদারকেও মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ইউএনও।