প্রিন্ট এর তারিখঃ 2026-10-03 16:46:08

সমুদ্রের ঢেউয়ে আনন্দের জোয়ার, বরুড়া প্রেস ক্লাবের পারিবারিক মিলনমেলা


আবু ইউছুফ রাবেতঃ   কর্মব্যস্ত সাংবাদিক জীবনের একঘেয়েমি ও ক্লান্তি দূর করে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে কুমিল্লার বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা। শনিবার (৩ অক্টোবর) ভোর ৬টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের বহনকারী বাস চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। দিনব্যাপী এ আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন ঐতিহ্যবাহী, নৈসর্গিক ও দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র ঘুরে দেখেন প্রেস ক্লাবের সদস্যরা ও তাঁদের পরিবারের সদস্যরা। আনন্দ ভ্রমণের অংশ হিসেবে তাঁরা আনোয়ারার পারকির চর, পতেঙ্গা সমুদ্রসৈকত, সীতাকুণ্ডের ইকোপার্ক এবং গুলিয়াখালী সমুদ্রসৈকত পরিদর্শন করেন। সমুদ্রের ঢেউ, প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও মনোরম পরিবেশে দিনভর হাসি-আনন্দে মেতে ওঠেন সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা। ভ্রমণে অংশ নেন বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন খোকন, সিনিয়র সহ-সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সহ-সভাপতি ওমর ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রানা, কোষাধ্যক্ষ মোঃ হারেছ এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওমর ফারুক। এ ছাড়া নির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইকরামুল হক, মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া বাবুল, সদস্য আমেনা বেগম, আবু ইউছুফ রাবেত, মোঃ সবুজ হোসেনসহ প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা আনন্দ ভ্রমণে অংশ নেন। আয়োজকরা জানান, সাংবাদিকরা সারাবছর সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। পেশাগত ব্যস্ততার বাইরে সহকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে এমন আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব বৃদ্ধিতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলায় সাংবাদিকদের মধ্যে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাসি-আনন্দ, গল্প-আড্ডা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে ওঠে। প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি অটুট রাখতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পারিবারিক আয়োজন অব্যাহত থাকবে।