প্রিন্ট এর তারিখঃ 2026-09-22 00:54:53

বাগমারা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা


মোঃসালামত উল্লাহ কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন ও খাবার তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।  অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় বাগমারা টু ভুশ্চি সড়কের পাশে অবস্থিত তালুকদার সুইটস অ্যান্ড বেকারিকে ২৫ হাজার টাকা এবং একই অভিযোগে আল মিরা সুইটস অ্যান্ড বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে নিউ আজমির হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার আহবান জানান তিনি।