প্রিন্ট এর তারিখঃ 2026-09-22 12:09:36

সৈয়দপুর সড়ক এখন যেন খাল ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ৪টি ওয়ার্ডের বাসিন্দারা চরম ভোগান্তিতে।


লালমাই প্রতিনিধি কুমিল্লার লালমাই উপজেলার ১ নং বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর এলাকার প্রধান সড়কটির দীর্ঘদিন ধরে চরম বেহাল দশা বিরাজ করছে। পাকা রাস্তার পিচ ও ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের। একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সৃষ্টি হচ্ছে মারাত্মক জলাবদ্ধতা ও কাদামাটি, যা চলাচলের একদম অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন বাগমারা উচ্চ বিদ্যালয়, বাগমারা উচ্চ বালিকা বিদ্যালয় এবং বাগমারা মহিলা কলেজের হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করে। সড়কটির কাদা-পানিতে প্রায়ই শিক্ষার্থীদের পোশাক নষ্ট হয়ে যায় এবং দুর্ঘটনার শিকার হতে হয়। শুধু শিক্ষার্থীরাই নয়, ইউনিয়নের ৪টি ওয়ার্ডের সাধারণ মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। রাস্তার মাঝখানে বড় বড় গর্তে নোংরা পানি জমে আছে এবং পথচারী ও যানবাহনগুলোকে মারাত্মক ঝুঁকি নিয়ে কাদা ও পানির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ছোটখাটো যানবাহন প্রায়ই এসব গর্তে উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের আকুল আবেদন, হাজার হাজার শিক্ষার্থী ও ৪টি ওয়ার্ডের মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সড়কটি সংস্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।