প্রিন্ট এর তারিখঃ 2026-09-22 15:08:52

*বাকপ্রতিবন্ধী দুই বোনকে ২০ ঘণ্টা হেফাজতে রেখে পরিবারের হাতে তুলে দিলেন কাইয়ুম মুন্সি ও জালাল সরকার*


আরিফুল ইসলাম পাঠান   মুরাদনগর থানা বাবুটিপাড়া ইউনিয়ন দড়ানীপাড়া গ্রামের রাস্তার মাথা থেকে উদ্ধার হওয়া দুই বাকপ্রতিবন্ধী (বোবা) বোনকে প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে দড়ানীপাড়া রাস্তার মাথায় দুই বোনকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন পথচারীরা। তারা বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজেদের নাম-ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। পরে স্থানীয়রা মানবিক দিক বিবেচনা করে তাদেরকে দড়ানীপাড়া মাদ্রাসায় হেফাজতে রাখেন এবং খাবার ও ঘুমের ব্যবস্থা করেন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ভিডিও প্রচার করে পরিবারের সন্ধান চাওয়া হয়। অবশেষে আজ ২২ সেপ্টেম্বর সকাল ৮টায় সেই ভিডিও দেখে পরিবারের সদস্যরা যোগাযোগ করেন। পরে যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া সময় থেকে পরিবারের কাছে হস্তান্তর পর্যন্ত তারা কাইয়ুম মুন্সি ও জালাল সরকারের তত্ত্বাবধানে নিরাপদে ছিলেন। *কেন বাড়ি ছেড়েছিল তারা?* পারিবারিক সূত্রে জানা যায়, বড় বোন ছোটবেলা থেকেই বাবা হারা এবং নানীর বাড়িতে বড় হয়েছেন। কিছুদিন আগে তার বিয়ে দেওয়া হয়। অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী তাকে মারধর ও নির্যাতন করতো। নির্যাতন সইতে না পেরে তিনি নানার বাড়ি চলে আসেন। সেখানেও মারধরের শিকার হন বলে দাবি করেন। এরপর রাগে ও অভিমানে ছোট বাকপ্রতিবন্ধী বোনকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। দুই বোনই জন্ম থেকে বাকপ্রতিবন্ধী। এ বিষয়ে স্থানীয়রা জানান, মেয়ে দুটিকে পেয়ে আমরা প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু পরে মাদ্রাসায় নিরাপদে রাখি। ফেসবুকের কল্যাণে দ্রুত তাদের পরিবারকে খুঁজে পাওয়া গেছে, এটাই বড় শান্তির বিষয়। বর্তমানে দুই বোন পরিবারের হেফাজতে সুস্থ আছেন।