প্রিন্ট এর তারিখঃ 2026-10-16 01:02:47

কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান : ২৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৫


রুবেল হোসেন বরুড়া প্রতিনিধি : কুমিল্লার বরুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলার দুই আসামি এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত তিনজন পলাতক আসামি রয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বরুড়া থানা পুলিশ সূত্রে এই তথ্য জানা যায়। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় বরুড়া থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলার প্রধান আসামি রাবেয়া খাতুনকে (৩০) ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী পলাতক আসামি শিরন মিয়াকে (৬২) মামলার এজাহারভুক্ত করা হয়। উভয়ের বাড়ি বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের চিকুটিপাড়া গ্রামে। এছাড়া, পৃথক অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলামকে (৪১) গ্রেফতার করা হয়। তিনি যশোরের বাঘারপাড়া থানার দোহাকুলা গ্রামের মৃত লেয়াকত আলীর ছেলে এবং বর্তমানে বরুড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। অন্যদিকে, থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে আটক করা হয়।  তারা হলেন— জিআর পরোয়ানাভুক্ত আসামি  মো. রাশেদ (২৪) এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি শাহাদাৎ (৩২) ও লিপি আক্তার (৫৫)। বরুড়া থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।