প্রিন্ট এর তারিখঃ 2026-10-17 02:02:24

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার, ২৮ কিশোরকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর


রুবেল হোসেন বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ২৮ জন কিশোরকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বরুড়া থানা সূত্রে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় বরুড়া থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযান চলাকালে সিআর পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— ১ বছর ৬ মাসের সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মহিন উদ্দীন (৩৪)। তিনি উপজেলার কলাখাল গ্রামের নাসির আহম্মেদের ছেলে।  অন্যজন হলেন ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি ইউনুস (৩৭)। তিনি দিঘলগাও গ্রামের মোবারক হোসেনের ছেলে। গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, অভিযানে আটক ৩০ জনের মধ্যে থাকা ২৮ জন কিশোরকে যাচাই-বাছাই করে তাদের ভবিষ্যৎ ও বয়সের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। পরবর্তীতে স্ব-স্ব অভিভাবকদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে তাদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। বরুড়া থানার পুলিশ জানায়, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।