প্রিন্ট এর তারিখঃ 2025-10-21 10:10:18

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল: উপদেষ্টা আসিফ মাহমুদ


  অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরই ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়। পর্যালোচনার পর ভারতীয় পক্ষের সঙ্গে হওয়া ১০টি চুক্তি বাতিল করা হয়েছে এবং কয়েকটি চুক্তি পুনর্বিবেচনা বা স্থগিতের পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার দিবাগত রাত ১১টা ৪৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই ভারতের সঙ্গে করা চুক্তিগুলো নিয়ে আলোচনার সূচনা হয়। বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে জাতীয় স্বার্থের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।” তিনি আরও জানান, দেশের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে প্রশিক্ষণ কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে। যে চুক্তিগুলো বাতিল হয়েছে: ১. ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প ২. অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ ৩. আশুগঞ্জ-আগরতলা করিডোর ৪. ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প ৫. বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি ৬. ফারাক্কাবাদ প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব ৭. সিলেট-শিলচর সংযোগ প্রকল্প ৮. পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি ৯. মিরসরাই ও মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল ১০. ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে ট্যাগ বোট ক্রয় চুক্তি যে চুক্তিগুলো পুনর্বিবেচনা বা স্থগিত রয়েছে: কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প — স্থগিত আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি — পুনর্বিবেচনায় গঙ্গা পানি বণ্টন চুক্তি — নবায়ন বা পুনর্বিবেচনায় তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি — খসড়া বাস্তবায়নের জন্য আলোচনায় এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার রাতে সাংবাদিকদের বলেন, “এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।”