প্রিন্ট এর তারিখঃ 2026-09-17 17:27:49

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু


বায়েজিদ হোসাইন কুমিল্লার চান্দিনা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম (৯০) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজী মনিরুল ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি হৃদরোগেও ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাজী মনিরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।