প্রিন্ট এর তারিখঃ 2026-09-19 23:33:07

শুহিলপুরে নিজস্ব অর্থায়নে প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার।


বায়েজিদ হোসাইন কুমিল্লার চান্দিনা উপজেলার ১ নং শুহিলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রেজাউল করিম। সম্প্রতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নূরপুর থেকে শালিখা বাজার পর্যন্ত দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলে অযোগ্য থাকা রাস্তার সংস্কার কাজ করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় বর্তমানে স্থানীয়দের চলাচলে স্বস্তি ফিরেছে বলে জানান তারা। এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রেজাউল করিম বলেন, তিনি শুহিলপুর ইউনিয়নের উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘদিন ধরে অসম্পন্ন থাকা বিভিন্ন কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন। এরই ন্যায় নূরপুর থেকে শালিখা পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ করেন তিনি। তিনি আরও বলেন, ইউনিয়নের যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে একটি খেলার মাঠের প্রয়োজন রয়েছে। এ জন্য সরকারি উদ্যোগে শুহিলপুর ইউনিয়নে একটি খেলার মাঠ বরাদ্দের বিষয়ে তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং একটি মাঠ বরাদ্দের উদ্যোগ নেওয়ার কথা জানান। শিক্ষাক্ষেত্রেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে এস এম রেজাউল করিম বলেন, ইউনিয়নের শিক্ষিত তরুণ-তরুণী ও মেধাবী শিক্ষার্থীরা যাতে আরও এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে শিক্ষাব্যবস্থার উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দিতে চান। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে তিনি সহযোগিতা ও অংশগ্রহণ করে আসছেন বলে জানান।  তিনি বলেন আমার এসব সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং স্থানীয়দের প্রত্যাশা, এলাকার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, খেলাধুলা ও সামাজিক উন্নয়নে এ ধরনের মানুষ এগিয়ে আসলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন সম্ভব।