প্রিন্ট এর তারিখঃ 2026-07-25 23:24:14

কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিন জনের কারাদণ্ড


একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে মাদক বিক্রি ও সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলার বারবাজার ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বারবাজার ইউনিয়ন থেকে একজনকে এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কালীগঞ্জ পৌরসভা এলাকার দুই ব্যক্তিকে গাঁ*জা সেবনের দায়ে প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।