প্রিন্ট এর তারিখঃ 2026-07-14 16:01:06

শ্রীপুরে পারিবারিক ক/ল/হের জেরে স্ত্রী হ/ত্যা: ২৪ ঘন্টায় স্বামীকে গ্রে/প্তা/র করল র‌্যাব ১


মহিউদ্দিন আহমেদ শ্রীপুর( গাজীপুর ) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহ‌ের জেরে স্ত্রী নাসিমা আক্তারকে (২৭) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে প্রধান আসামি ছায়েদুল ইসলামকে (৪০) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। র‌্যাব জানিয়েছে, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১ জানায়, সোমবার (১৩ জুলাই) ভোররাত আড়াইটার দিকে শ্রীপুর পৌর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত নাসিমা আক্তার নেত্রকোনার পূর্বধলা উপজেলার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। অভিযুক্ত ছায়েদুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গীদাপাড়া গ্রামের বাসিন্দা। দুই সন্তানকে নিয়ে তারা শ্রীপুরে ভাড়া বাসায় থাকতেন। র‌্যাবের দাবি, ছায়েদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই স্ত্রীর কাছে নেশার জন্য টাকা চাইতেন। নিহতের স্বজনদের ভাষ্য, রোববার কারখানা থেকে বেতন পাওয়ার পর রাতে ছায়েদুল স্ত্রীর কাছে তিন হাজার টাকা দাবি করেন। নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছায়েদুল ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়। এ সময় তাদের আট বছরের মেয়ে সামিয়া ও পাঁচ বছরের ছেলে জিসান ঘরে ছিল এবং ঘটনাটি প্রত্যক্ষ করে। হত্যার পর ছায়েদুল পালিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবারের করা মামলার পর র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস ও মিডিয়া) শাহ আলম বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে র‌্যাবের দাবি, দীর্ঘদিনের পারিবারিক কলহ, মাদকাসক্তি এবং টাকার বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।