সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে আজ বৃহস্পতিবার এইচএসসি ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। পরীক্ষা শুরুর প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত তা সংশোধন করে শিক্ষার্থীদের প্রথম পত্রের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং এরপর পরীক্ষা নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জেরে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
পরীক্ষার্থীরা জানিয়েছেন, পরীক্ষা শুরুর পরপরই তাদের হাতে ভূগোল দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হয়। কিছু সময় পর ভুল বুঝতে পেরে কর্তৃপক্ষ সেগুলো ফিরিয়ে নেন। পরবর্তীতে সৃজনশীল অংশের প্রশ্নপত্র দিতে গিয়েও বিভ্রান্তি তৈরি হয়, কারণ সেটির পরিবর্তে ভুলবশত ২০২৫ সালের পুরোনো প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। পরে সেটিও পরিবর্তন করে সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়।
ঘটনার বিষয়ে সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, প্রশ্নের খাম ভুলবশত অদলবদল হয়ে যাওয়ায় কিছু পরীক্ষার্থীর কাছে ভুল প্রশ্নপত্র চলে গিয়েছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এবং এ ঘটনায় পরীক্ষার ফলাফলের ওপর কোনো প্রভাব পড়বে না।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) রিপন বিশ্বাস জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষের বাছাই বা সর্টিংয়ের ভুলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি যশোর শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে এবং তদন্তের স্বার্থে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মো. আব্দুস ছালাম জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী ১৮ জুলাই নির্ধারিত দ্বিতীয় পত্রের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে বোর্ড দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। উল্লেখ্য, সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে বর্তমানে চারটি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
প্রিন্ট এর তারিখঃ 2026-07-16 20:48:57
সাতক্ষীরা সিটি কলেজে ভূগোল পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্র সচিব প্রত্যাহার