প্রিন্ট এর তারিখঃ 2026-07-16 21:15:56

কালীগঞ্জে "জুলাই শহীদ দিবস ২০২৬" উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


 একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ:   বৃহস্পতিবার (১৬ জুলাই) ঝিনাইদহের কালীগঞ্জে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’। এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। আরও উপস্থিত ছিলেন  ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল প্যানেল মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা হামিদুল ইসললাম হামিদ। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় বক্তারা জুলাই বিপ্লবের তাৎপর্য এবং দেশের জন্য তরুণ ও সাধারণ মানুষের আত্মত্যাগের ইতিহাস গভীরভাবে স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, জুলাই মাসের সেই ঐতিহাসিক দিনগুলো আমাদের অন্যায় ও অন্যায্যের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং তাদের স্বপ্নের বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে জনকল্যাণমূলক ও বৈষম্যহীন সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সুধীসমাজ, শিক্ষক, সাংবাদিক এবং সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।