প্রিন্ট এর তারিখঃ 2026-07-19 16:05:35

মঠবাড়িয়ায় অমবস্যার জোয়ারে পানির স্রোতে সড়ক ভেঙ্গে ৫ গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন


সালমান আহসান বাবু, মঠবাড়িয়া সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ায় অমবস্যায় প্রবল জোয়ারের পানির চাপে সওজের আমুয়া-মিরুখালী- সাফা বাজার সড়ক ভেঙ্গে ৩ দিন যাবৎ ৫ গ্রামের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। প্রবল ¯্রােতে সড়কের মিরুখালী কলেজের সামনে ৮/১০ হাত সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ায় উপজেলার ওয়াহেদাবাদ, মিরুখালী, ছোটহারজী, দাউদখালী ও চালিতাবুনিয়া গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া সড়ক ভেঙ্গে যাওয়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে যোগযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই সড়কে চলাচলকারী আটো রিক্সা, ভ্যান ভাড়ায় চালিত মোটর বাইকের চালকরা চরম বিপাকে পরেছে। গাড়ির চাকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের রোজগারের চাকাও বন্ধ হয়ে গেছে। এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধে তাদের হিমসিম খেতে হচ্ছে। আটো বাইক চালক মো. মহিব্বুল্লাহ জানান, বর্ষায় এমনিতেই যাত্রী কম থাকে। তার উপর সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ৩ দিন থেকে উপার্জন বন্ধ। কিস্তির তাগাদার ভয়ে এনজিওর লোকদের থেকে পালিয়ে বেড়াতে হয়। এ বিষয়ে পিরোজপুর সওজের উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল জানান, প্রতি বর্ষা মৌসুমে পানির চাপে এই সড়কটির বিভিন্ন স্থান ভেঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে যোগাযোগ সচল রাখতে সড়ক মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।