কুমিল্লায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, যুবক আটক
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম
মনির মোশাররফ
কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত যুবকের মা, ভাবি এবং আট মাস বয়সী ভাতিজি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ইমন (২৪) নামের ওই যুবক হঠাৎ উত্তেজিত হয়ে প্রথমে তার মা পেয়ারাকে বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এরপর আট মাস বয়সী ভাতিজির ওপর হামলা চালান তিনি।
এ সময় শাশুড়ি ও সন্তানকে রক্ষা করতে এগিয়ে গেলে ইমনের ভাবি রাবেয়া বেগমও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মরিয়ুজ্জামান জানান, অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।