ফজরের আজান দিতে গেলেন মসজিদে, এরআগেই মুয়াজ্জিনের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম

চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশ করেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন মোঃ শাহজাহান মিস্ত্রী নামে এক মুয়াজ্জিন। উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। শাহজাহান মিস্ত্রী একই গ্রামের আর্মি বাড়ির মৃত সুজত আলীর ছেলে। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।  

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহাজাহান মিস্ত্রী মঙ্গলবার ভোরে ফজরের নামাজের আজান দেয়ার উদ্দেশ্যে মসজিদের সামনে যান। সেখানে তিনি তিনি হুজুরাখানা থেকে ইমাম মাওলানা নুরুল ইসলামকে ঘুম থেকে ডেকে তুলেন। এরপর তিনি যথারীতি মসজিদে প্রবেশ করেই নির্দিষ্ট সময়ে আজান দেয়ার জন্য অপেক্ষা করেন। হঠাৎ তিনি মাথা ঘুরে নিচে পড়ে যাওয়ার আওয়াজ শুনে ইমাম দৌড়ে মসজিদে প্রবেশ করেন। এরপর তিনি মসজিদের মুসল্লি আবদুল ওয়াদুদ, মোঃ ইয়াছিন, ইসমাইল হোসেন, মুয়াজ্জিনের ছেলে হাসান আর্মিকে খবর দেন। তারা মসজিদে প্রবেশ করেই মুয়াজ্জিনকে মৃত অবস্থায় দেখতে পান। ওই সময় আবদুল ওয়াদুদ ফজরের নামাজের আজান দেন। নামাজ শেষে হাসান আর্মিসহ মুসল্লিগণ মুয়াজ্জিন শাহাজাহান মিস্ত্রীর লাশ বাড়িতে নিয়ে যায়। মুয়াজ্জিনের মৃত্যুর খবর শুনে আশ-পাশের লোকজন বাড়িতে ভীড় করে। নামাজে জানাযা শেষে একইদিন দুপুরে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। 

বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম মঙ্গলবার বিকেলে বলেন, আমি এ মসজিদে যোগদান করেছি বেশি দিন হয়েছে। মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে আজান দেয়ার উদ্দেশ্যেই মসজিদে আসেন। এরপর আমাকে সজাগ করার পর আজান দেয়ার উদ্দেশ্যে মসজিদে অপেক্ষা করেন। এর কিছুক্ষণ পর তিনি মাথা ঘুরে পড়ে যাওয়ার আওয়াজ শুনে মসজিদে ঘিয়ে দেখি, তিনি মারা গেছেন। 

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হারিছ মাস্টার বলেন, ইমামের মাধ্যমে জানতে পেরে মুয়াজ্জিন শাহাজাহান মিস্ত্রীর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে শান্তনা দিয়েছি। 

শ্রীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, লোক মারফত জানতে পেরেছি, বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী ফজরের আজান দেয়ার উদ্দেশ্যে মসজিদে অবস্থানকালে লুঠিয়ে পড়ে ইন্তেকাল করেছেন।