বরুড়ায় ওয়ারিশি জমির চলাচলের পথ বন্ধের অভিযোগ, গাছ কাটায় বিপাকে পরিবার
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম
আবু ইউছুফ রাবেত :
কুমিল্লার বরুড়া উপজেলার সরাফতি (দাধারপাড়) গ্রামে ওয়ারিশসূত্রে পাওয়া জমির যাতায়াতের পথ বেড়া দিয়ে বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভুক্তভোগী পরিবারের দাবি, তাঁদের রোপণ করা গাছও কেটে ফেলা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে পরিবারটি। এমনকি বাবার মৃত্যুর পর মরদেহ বাড়ি থেকে বের করার মতো পথও পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. সুমন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, প্রায় সাত বছর আগে সুমনের বাবা ওয়ারিশসূত্রে সাত শতক জমির মালিক হন। ওই জমির মধ্যে দুই শতক যাতায়াতের পথ হিসেবে রাখা হয়েছিল বলে দাবি পরিবারের। কিন্তু গ্রামের বাসিন্দা নাজমুল (৩৬), বাবুল (৪০), দিলেরা বেগম (৫০), শামছুন নাহার (৩৮) ও নাছিমা বেগমের (৪৩) বিরুদ্ধে ওই জায়গায় বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
এর ফলে স্বাভাবিক যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হয়ে পরিবারটি অন্য একটি বাড়ির ওপর দিয়ে পেছনের সরু পথ ব্যবহার করে চলাচল করতে বাধ্য হচ্ছে। এতে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের।
ভুক্তভোগী পরিবারের দাবি, বিষয়টি সমাধানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জমিটি চলাচলের পথ হিসেবে উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও অভিযোগ অনুযায়ী, সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। ফলে দীর্ঘদিনেও সমস্যাটির স্থায়ী সমাধান মেলেনি।
এদিকে, গত ২ আগস্ট সুমন তাঁর বসতবাড়ির পাঁচ শতক জমির দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। তাঁর অভিযোগ, গত ১২ আগস্ট বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনি বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা রোপণ করা গাছগুলো কেটে ফেলেন। এতে তাঁর আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
সুমন বলেন, “আমার বাবা মারা যাওয়ার পর তাঁর মরদেহ নিয়ে বের হওয়ার মতো রাস্তাও আমরা পাইনি। অন্যের বাড়ির ওপর দিয়ে কষ্ট করে চলাচল করতে হচ্ছে। এখন আবার রোপণ করা গাছগুলোও কেটে ফেলা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
এ ঘটনায় প্রতিকার চেয়ে বরুড়া থানায় লিখিত আবেদন করেছেন বলেও জানান তিনি।
স্থানীয় সর্দার অহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি সমাধানের জন্য আমরা কয়েকবার বসে চেষ্টা করেছি। তবে এখনো স্থায়ী কোনো সমাধান করা সম্ভব হয়নি।”
অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
ভুক্তভোগী পরিবারের দাবি, চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন
চৌদ্দগ্রামে পুকুর থেকে ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িচালকের লাশ উদ্ধার
বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কুমিল্লার যৌথ উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ পদুয়ার বাজার এলাকায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।