মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠিন হস্তে দমনের হুশিয়ারি

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

শামিম আহসান

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নৈরাজ্য, নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ইসলামি চত্বরসহ মুরাদনগর সদরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে পালিয়ে থাকা হাসিনার কথায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কোন ছাড় দেয়া হবে না। এসময় বক্তারা আরো বলেন, ৫ই আগস্টের পর তাদেরকে ক্ষমা করা হয়েছে, শান্তিতে থাকেন, অরাজকতা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে। 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বৃহত্তর মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা যুব দলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, গাজী আবদুল বাছির, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, জাসাসের আহ্বায়ক আবু বকর, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মজিব মেম্বার, বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ, হেদায়েত হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী ও স্বেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।