লালমাইয়ে পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হোসেনের অনুদান প্রদান।
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম
মেঃসালামত উল্লাহ
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে কুমিল্লার লালমাই উপজেলার ১৭টি পূজামণ্ডপে মোট ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন সৌদি আরবপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের সভাপতি মো. ফরহাদ হোসেন। উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সহযোগিতার লক্ষ্যে তাঁর পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফরহাদ হোসেনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পূজামণ্ডপের দায়িত্বশীলরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন ধর্মীয় উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সামাজিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের পরিবেশকে আরও সমৃদ্ধ করে।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মজুমদার, রয়েল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ওসমান গনি মুন্না, বেলায়েত হোসেন সোহেল, আবদুল কাদের, সাইফুল মোল্লা, নোমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে মো. ফরহাদ হোসেন বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা। আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
ধর্মীয় উৎসবকে ঘিরে এ ধরনের সহযোগিতা শুধু উৎসব উদযাপনে সহায়ক নয়, বরং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির সংস্কৃতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।