চান্দিনায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম
মোঃ আবুল কালাম আজাদ
ডিজিটাল লেনদেনের প্রসার, আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নগদ অর্থের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর আর্থিক লেনদেনকে উৎসাহিত করার লক্ষ্যে সোমবার (১২ অক্টোবর ২০২৬) পুবালী ব্যাংক পিএলসি, চান্দিনা শাখার আয়োজনে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসির কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও আরআরএম ধুর্জটি প্রসাদ ভট্টাচার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক পিএলসি, চান্দিনা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান মোহাম্মদ আমিরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসি, নিমসার শাখার শাখাপ্রধান সজিব গুহ এবং চান্দিনা শাখার ভবনমালিক ও আল-আমিন পোলট্রি অ্যান্ড ফিশ ফিডের স্বত্বাধিকারী ওয়ালি উল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আল-আমিন মাদ্রাসা ও ইকরা লাইব্রেরির শিক্ষক হাফেজ মো. জাহিদ। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সভায় ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার, নিরাপদ আর্থিক লেনদেন এবং গ্রাহকসেবার আধুনিকায়ন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান বিশ্ব দ্রুত ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এ বাস্তবতায় নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ লেনদেনব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।
তাঁরা আরও বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার সম্প্রসারণের মাধ্যমে আর্থিক লেনদেনকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করা সম্ভব। তবে ডিজিটাল লেনদেনের সুফল নিশ্চিত করতে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি, অনলাইন আর্থিক প্রতারণা সম্পর্কে ধারণা প্রদান এবং নিরাপদ লেনদেনের পদ্ধতি শেখানো জরুরি। একটি আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী, গ্রাহকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় গ্রাহকদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরার জন্য বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ সময় রামপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবু তাহের, ভূঁইয়া অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আলমগীর ভূঁইয়া, হাসিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন পাটোয়ারী এবং পাটোয়ারী স্টোরের স্বত্বাধিকারী মো. সবুজ পাটোয়ারীসহ সংশ্লিষ্ট গ্রাহক ও ব্যবসায়ীরা তাঁদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে ক্যাশলেস লেনদেনের প্রসার, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ‘এক দেশ, এক কিউআর’ কর্মসূচির আওতায় তিন দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি গ্রাহকদের কিউআর কোডভিত্তিক লেনদেন সম্পর্কে হাতে-কলমে শেখানো এবং এ পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধ করার কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহকের মধ্যে পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন এবং কিউআর কোড-সংবলিত ক্রেস্ট উপহার দেওয়া হয়।
অনুষ্ঠান আয়োজনে পুবালী ব্যাংক পিএলসি, চান্দিনা শাখার কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে ছিলেন ডেপুটি জুনিয়র অফিসার খাদিজা আক্তার, মো. সাইফুল ইসলাম ও মো. আরিফ হোসেন; অফিসার মো. তানজিল হোসেন এবং সিনিয়র অফিসার মো. ফারুক হোসেনসহ শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে চান্দিনায় ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার আরও বাড়বে এবং নিরাপদ, সহজ ও আধুনিক আর্থিক লেনদেনব্যবস্থা গড়ে উঠবে।
আরও পড়ুন
মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান
ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
চৌদ্দগ্রামে কবি পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত।