সমুদ্রের ঢেউয়ে আনন্দের জোয়ার, বরুড়া প্রেস ক্লাবের পারিবারিক মিলনমেলা
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম
আবু ইউছুফ রাবেতঃ
কর্মব্যস্ত সাংবাদিক জীবনের একঘেয়েমি ও ক্লান্তি দূর করে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে কুমিল্লার বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা।
শনিবার (৩ অক্টোবর) ভোর ৬টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের বহনকারী বাস চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। দিনব্যাপী এ আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন ঐতিহ্যবাহী, নৈসর্গিক ও দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র ঘুরে দেখেন প্রেস ক্লাবের সদস্যরা ও তাঁদের পরিবারের সদস্যরা।
আনন্দ ভ্রমণের অংশ হিসেবে তাঁরা আনোয়ারার পারকির চর, পতেঙ্গা সমুদ্রসৈকত, সীতাকুণ্ডের ইকোপার্ক এবং গুলিয়াখালী সমুদ্রসৈকত পরিদর্শন করেন। সমুদ্রের ঢেউ, প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও মনোরম পরিবেশে দিনভর হাসি-আনন্দে মেতে ওঠেন সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা।
ভ্রমণে অংশ নেন বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন খোকন, সিনিয়র সহ-সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সহ-সভাপতি ওমর ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রানা, কোষাধ্যক্ষ মোঃ হারেছ এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওমর ফারুক।
এ ছাড়া নির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইকরামুল হক, মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া বাবুল, সদস্য আমেনা বেগম, আবু ইউছুফ রাবেত, মোঃ সবুজ হোসেনসহ প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা আনন্দ ভ্রমণে অংশ নেন।
আয়োজকরা জানান, সাংবাদিকরা সারাবছর সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। পেশাগত ব্যস্ততার বাইরে সহকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে এমন আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব বৃদ্ধিতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলায় সাংবাদিকদের মধ্যে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাসি-আনন্দ, গল্প-আড্ডা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে ওঠে।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি অটুট রাখতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পারিবারিক আয়োজন অব্যাহত থাকবে।
আরও পড়ুন
সমুদ্রের ঢেউয়ে আনন্দের জোয়ার, বরুড়া উপজেলা প্রেস ক্লাবের পারিবারিক মিলনমেলা
শুভ জন্মদিন, প্রিয় ভাই মোহাম্মদ সাইফুল হাসান রিপন!
হাসানপুর বাজারের বেহাল দশা, দুর্ভোগে ব্যবসায়ী, পথচারীরা সংস্কারের দাবি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকদের