শিকারপুর দারুল কোরআন জিলানীয়া আলীম মাদরাসায় আলীম প্রথম বর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পিএম

আরিফুল ইসলাম পাঠান 

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শিকারপুর দারুল কোরআন জিলানীয়া আলীম মাদরাসায় আলীম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়। নতুন শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, "আজকের নবীনরাই আগামী দিনের ভবিষ্যৎ। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শিকারপুর জিলানীয়া মাদরাসা এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে, এটা অত্যন্ত প্রশংসনীয়।"

অনুষ্ঠানে সভাপতি ও প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন আড়াইবাড়ি দরবার শরীফের সম্মানিত পীর, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা গোলাম পরোয়ার সাঈদী সাহেব। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আলীম শ্রেণি হলো একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকেই তোমাদের উচ্চ শিক্ষার পথ শুরু। তোমাদেরকে কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে এবং পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করতে হবে।"

অত্র মাদরাসার সুনামধন্য ও সুযোগ্য প্রিন্সিপাল হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। তিনি তাঁর স্বাগত বক্তব্যে নবাগত সকল শিক্ষার্থীকে স্বাগত জানান এবং মাদরাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জাকির হোসেন সাহেব। এছাড়াও মাদরাসার সকল সহকারী শিক্ষক, প্রভাষকবৃন্দ, মাদরাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ, এলাকার মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশন করা হয়। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। নবীন শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং মাদরাসার উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল বারেক মাস্টার