সবুজ পরিবেশ ও মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটির কর্মসূচি
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম
- আবু ইউছুফ রাবেত :
‘সবুজ হোক পরিবেশ, মাদকমুক্ত হোক সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পোম্বাইশে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় পোম্বাইশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা ও বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটি ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবে।
আরও পড়ুন
বুড়িচংয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঊষা’র কমিটি গঠনের প্রস্তুতি সভা
চিনামুড়া সমাজ কল্যাণ যুব উন্নয়ন সংঘঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত।
বাগমারা ফোর লেন ও ইপিজেড বর্জ্য সমস্যা সমাধানে লালমাইয়ে ডিসির আশ্বাস