রাশেদ খান
রাশেদ খানকে নিয়ে কুরুচিপূর্ণ গান ও হত্যার হুমকি, থানায় অভিযোগ
ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জনাব মো: রাশেদ খানকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর গান তৈরি এবং এর প্রতিবাদ করায় ঝিনাইদহ জেলা যুব অধিকার পরিষদের এক শীর্ষ নেতাকে সপরিবারে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল (২৪ জুন) ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো: মিশন আলী (২৮)। তিনি ঝিনাইদহ জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা জয়নুল আবেদীন (৩০) নামের এক যুবক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মো: রাশেদ খানের বিরুদ্ধে অত্যন্ত কু-রুচি, সম্মানহানিকর কথাবার্তা ও মিথ্যা তথ্য সম্বলিত একটি গান তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। গতকাল ২৪ জুন সকাল আনুমানিক ১১:৫১ মিনিটে বিষয়টি যুব অধিকার পরিষদ নেতা মিশন আলীর নজরে আসে। মিশন আলী দলের সাবেক শীর্ষ নেতার নামে এমন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত জয়নুল আবেদীনের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিলে, জয়নুল দুঃখপ্রকাশ করার পরিবর্তে উল্টো কৌশলে উক্ত ফোনালাপটি রেকর্ড করে নেন। পরবর্তীতে সেই কথোপকথন বিকৃত ও অবমাননাকর উদ্দেশ্যে পুনরায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মিশন আলীর মান-সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন করা হয়। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ফোনালাপ ছড়ানোর পর থেকেই অভিযুক্ত জয়নুল আবেদীনের ইন্ধনে বেশ কিছু অজ্ঞাতনামা মোবাইল নম্বর (প্রায় অর্ধশতাধিক নম্বর অভিযোগে উল্লেখ করা হয়েছে) থেকে মিশন আলীর ব্যক্তিগত নম্বরে অনবরত ফোন করা হচ্ছে। এসব কল থেকে তাকে এবং তার পরিবারের সদস্যদের অপহরণ, খুন ও গুম করার সুনির্দিষ্ট ভয়ভীতি ও কড়া হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও গভীর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে ঝিনাইদহ থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে এবং প্রযুক্তির সহায়তায় হুমকিদাতাদের চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, রাজনৈতিক নেতার বিরুদ্ধে নোংরা অপপ্রচার এবং পরবর্তীতে প্রতিবাদ করায় এক যুবনেতাকে সপরিবারে গুম-খুনের হুমকির এই ঘটনায় স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।