শিক্ষা
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে হায়ার স্টাডি ক্লাবের ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিন0ব্যাপী সেমিনার আয়োজন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাবের উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, গবেষণা, আইইএলটিএস প্রস্তুতি, ভিসা প্রক্রিয়া এবং আন্তর্জাতিক আবেদন কৌশল নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষ সেমিনার ‘হায়ার স্টাডি ৩৬০°’। এক আয়োজনে দেশি-বিদেশি শিক্ষা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশ্বের বিভিন্ন দেশে পূর্ণাঙ্গ স্কলারশিপ পাওয়া জাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উচ্চশিক্ষার প্রস্তুতি, আবেদন ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন। শনিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। নিবন্ধন ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মাহদি হাসান। এরপর একে একে অনুষ্ঠিত হয় কমনওয়েলথ স্কলারশিপ, EducationUSA, স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম, আইডিপি আইইএলটিএস মাস্টারক্লাস, স্মার্ট ইউনিভার্সিটি সিলেকশন, এমএক্সটি স্কলারশিপ, একাডেমিক সিভি রাইটিং এবং ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ-বিষয়ক সেশন। কমনওয়েলথ স্কলারশিপবিষয়ক সেশনে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ‘President's PhD Scholarship’ এবং ইউনিভার্সিটি অব লিডসের ‘Commonwealth PhD Scholarship’ অর্জনকারী সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন বলেন, আন্তর্জাতিক স্কলারশিপ অর্জনে ভালো ফলাফলের পাশাপাশি গবেষণার অভিজ্ঞতা, সুস্পষ্ট একাডেমিক লক্ষ্য এবং পরিকল্পিত প্রস্তুতির বিকল্প নেই। আবেদনকারীদের শুরু থেকেই গবেষণা ও প্রোফাইল গঠনে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। অভিজ্ঞতা বিনিময় পর্বে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে পূর্ণাঙ্গ অর্থায়নে মাস্টার্স ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া আকমল মাসুদ বলেন, সঠিক পরিকল্পনা, গবেষণার অভিজ্ঞতা এবং সময়মতো প্রোফাইল প্রস্তুতিই তাঁকে সফলতা এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আবেদন নিয়ে অনুষ্ঠিত EducationUSA সেশনে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অফিসার ড. মারা বার্ড এবং এডুকেশন আউটরিচ কোঅর্ডিনেটর মুহাম্মদ সোহেল ইকবাল আবেদন প্রক্রিয়া, অর্থায়নের সুযোগ, বিশ্ববিদ্যালয় নির্বাচন ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা নির্ভুল তথ্যের ভিত্তিতে আবেদন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পরে স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওরেগনে পূর্ণাঙ্গ অর্থায়নে পিএইচডি এবং হাঙ্গেরির ইউনিভার্সিটি অব ডেব্রেসেনে স্কলারশিপপ্রাপ্ত মো. শাহরিয়ার ইসলাম। তিনি আবেদন কৌশল, প্রোফাইল গঠন এবং প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। দুপুরের বিরতির পর আইডিপি এডুকেশনের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মারিয়া (ডালিয়া) ফ্লোইন আইইএলটিএস প্রস্তুতি, স্টেটমেন্ট অব পারপাস (SOP), স্কলারশিপ এবং বিদেশে উচ্চশিক্ষার আবেদন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁর ভাষ্য, ভাষাগত দক্ষতা ও শক্তিশালী SOP একজন আবেদনকারীর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর স্মার্ট ইউনিভার্সিটি সিলেকশন ও অধ্যাপকদের কাছে কার্যকর ই-মেইল লেখার কৌশল নিয়ে আলোচনা করেন ফারহান আপন। একই পর্বে যুক্তরাষ্ট্রের Wesleyan University-তে পূর্ণাঙ্গ অর্থায়নে পিএইচডির সুযোগ পাওয়া মো. মেহেদী হাসান গবেষণা, ল্যাব অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আবেদন নিয়ে নিজের যাত্রার গল্প তুলে ধরেন। এমএক্সটি স্কলারশিপবিষয়ক সেশনে এস. এম. শাহরিয়ার আহমেদ জাপান সরকারের এ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ও গবেষণার সুযোগ নিয়ে আলোচনা করেন। আর একাডেমিক সিভি রাইটিং সেশনে এমএক্সটি স্কলারশিপপ্রাপ্ত গাজী ইশমাম হাসান বলেন, একটি সুসংগঠিত ও তথ্যসমৃদ্ধ একাডেমিক সিভিই অনেক সময় আবেদনকারীর সফলতার প্রথম ধাপ। তিনি কার্যকর সিভি তৈরির বিভিন্ন কৌশল তুলে ধরেন। দিনের শেষ সেশনে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া কবির। ইউরোপের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে যৌথ মাস্টার্সের সুযোগ পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শক্তিশালী গবেষণা-প্রোফাইল, মানসম্মত SOP এবং সুপারিশপত্র আন্তর্জাতিক স্কলারশিপ অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরস্কার বিতরণ, সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন। সমাপনী বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাবের সভাপতি আব্দুস সাফওয়ান বলেন, ‘হায়ার স্টাডি ৩৬০°’-এর লক্ষ্য হলো আন্তর্জাতিক উচ্চশিক্ষা, স্কলারশিপ, গবেষণা, ভর্তি ও ভিসাসংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য এক প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্কলারশিপপ্রাপ্ত গবেষক ও আন্তর্জাতিক শিক্ষা–সংশ্লিষ্ট ব্যক্তিদের একত্রিত করে শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক উচ্চশিক্ষার একটি সমন্বিত রোডম্যাপ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের আশা প্রকাশ করেন তিনি। #.....
মঠবাড়িয়ায় প্রশ্নপত্রে ৮০টি ভুল পাওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন
মঠবাড়িয়া খাসমহল লতীফ ইনস্টিটিউশনের এক প্রশ্নপত্রে ৮০ ভুল পাওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আকলিমা আক্তার ১৫ জুলাই রাতে ৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করেন। কমিটিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে আহবায়ক, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবীর সদস্য, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সদস্য এবং উপজেলা মাধ্যমিক অফিসারকে সদস্য সচীব করে কমিটি গঠন করা হয়। ইউএনওর স্বাক্ষরিত ওই কমিটিকে সরেজমিনে তদন্ত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য দাখিল করতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ১৪ জুলাই খাসমহল লতীফ ইনস্টিটিউশনের অর্ধবার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর ইংরেজী প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্রে ৮০টি ভুল ধরা পরায় মুহুর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চরম সমালোচনার ঝড় ওঠে। পরে উপজেলা নির্বাহী অফিসার তদন্তকমিটি গঠন করেন।
শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে-এটিএম কামরুল ইসলাম
শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। 'জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬' প্রদান এই সরাসরি সম্প্রচার অনুষ্ঠান কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেটির যত্ম নেওয়ার আহ্বান জানান। গাজীপুরের কালীগঞ্জে 'জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬' প্রদান অনুষ্ঠানে ও বৃক্ষরোপন উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এসব বলেন। 'জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬' প্রদান অনুষ্ঠান উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সরাসরি সম্প্রচার উপভোগ এবং এর সাথে সংগতি রেখে এক সফল বৃক্ষরোপণ কর্মসূচি বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসনি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সটাক্টর পারভীন জাহান এর সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলে প্রধানমন্ত্রী কর্তৃক সরাসরি সম্প্রচারিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান বড় পর্দায় অত্যন্ত আগ্রহের সাথে উপভোগ করেন। পরে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিবেশগত ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয় চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, পরিবেশ রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে বৃক্ষরোপণ এবং প্রাথমিক শিক্ষাকে আরও সমৃদ্ধ করতে এমন চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আবুল হোসেন আকাশ, সমবায় কর্মকর্তা মোঃ আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামসুজ্জামান, কালীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, সুমাইয়া বিনতে শরীফ, শারমিন শাহী ও মনিরা বেগম, সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়ায় লতীফ ইনস্টিটিউশনে পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক
পিরোজপুরের মঠবাড়িয়ায় খাসমহল লতিফ ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেনীর ইংরেজী প্রথম পত্রের প্রশ্নপত্রে প্রায় ৭০/৮০টি বানান ভুল নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি প্রশ্নপত্রে বিভাবে এতগুলো ভুল থাকে এদিয়ে ক্ষোভ ঈস্খদাশ করেন অভিভাবকরা। জানাগেছে, বুধবার সকালে ষষ্ঠ শ্রেনীর ইংরেজী প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের পরে ভুল লক্ষ করা যায়। ভুলেভরা প্রশ্নপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দিলে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া প্রশ্নপত্রে দেখা যায়, পরীক্ষার প্রশ্ন পত্রে প্রায় ৭০/৮০টি বানান ভুল। এছাড়া গতকালের দশম শ্রেণির ২০২৬ সালের প্রাক-নির্বাচনী বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন আসায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও অভিভাবকরা। স্থানীয় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান বলেন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নের মান যদি এই হয় তাহলে লেখাপড়ার মান নিয়ে প্রশ্ন উঠবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই কিছু কুচক্রীমহল এমন ভুলে ভরা প্রশ্ন তৈরি করতে পারে। বিষয়টা ক্ষতিয়ে দেখতে হবে। এ বিষয়ে খাসমহল লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষার প্রশ্ন আমরা নিজেরা প্রণয়ন করি না। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা কমিটি পরীক্ষার দিনই তা খোলে। আগে থেকে প্রশ্ন দেখার কোনও সুযোগ থাকে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম বলেন, স্কুলের প্রশ্ন বাইরে থেকে করার সুযোগ নেই। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছ থেকেই প্রশ্ন নেওয়ার কথা। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রশ্ন এড়িয়ে চলা উচিত ছিল। তাছাড়া বানান ভুলের ছড়ছড়ির বিষয়টিও গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠানের পরীক্ষা কমিটির প্রশ্নটি যাচাই-বাছাই করা প্রয়োজন ছিল। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।
সাদুল্লাপুরে রাফিয়া আক্তার রুমার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মোছা. রাফিয়া আক্তার রুমা প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে ঠিকাদার মো. রাজু মিয়ার মেয়ে। রুমা সাদুল্লাপুর শিশু উদ্যান থেকে ২০২৬ সালের অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করে। তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। রুমার বাবা-মা জানান, মেয়ের এ সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, পরিবারের উৎসাহ এবং সবার দোয়া ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা রুমার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। দুই বোনের মধ্যে রুমা ছোট। মেধাবী এই শিক্ষার্থী বর্তমানে আহম্মেদ উদ্দিন শাহ স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। পরিবার ও শিক্ষকদের প্রত্যাশা, ভবিষ্যতেও সে তার মেধা, পরিশ্রম ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও সমাজের জন্য গর্ব বয়ে আনবে।