গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ–২০২৬ '
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণায় নতুন গতি আনতে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেন্টার আয়োজন করতে যাচ্ছে পাঁচদিনব্যাপী 'গবেষণা সপ্তাহ ২০২৬'। আগামী ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন।
শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলা, গবেষণার মানোন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সুষ্ঠু ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো — এই তিনটি লক্ষ্যকে সামনে রেখেই আয়োজনটি পরিকল্পনা করা হয়েছে।
গত বুধবার (২৪ জুন) এক সংবাদ সম্মেলনে উপাচার্য ও রিসার্চ ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন এবং জ্ঞানচর্চার ধারাবাহিকতাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত পরিচয় নির্ধারণ করে। তাঁর প্রত্যাশা, 'রিসার্চ উইক ২০২৬' বিশ্ববিদ্যালয়টিকে একটি পূর্ণমাত্রার গবেষণাসহায়ক প্রতিষ্ঠায় পরিণত করার পথে মাইলফলক হয়ে উঠবে।
পাঁচদিনের এই আয়োজনে থাকছে একাধিক কর্মশালা ও সেমিনার। SPSS, Stata, NVivo এবং পাইথনভিত্তিক মেশিন লার্নিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের সহযোগিতায়। এর বাইরে বিদেশি বৃত্তি ও উচ্চশিক্ষার সুযোগ, একাডেমিক ও গবেষণা রাইটিং, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার কৌশল এবং গবেষণায় AI-এর প্রয়োগ নিয়েও আলাদা সেমিনার অনুষ্ঠিত হবে। তরুণ গবেষকদের জন্য বিশেষভাবে রাখা হয়েছে 'রিসার্চ আইডিয়া কম্পিটিশন' এবং একটি অনলাইন সেশন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সেন্টারের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে কেন্দ্রটি এখন পর্যন্ত প্রায় ১৬ কোটি ৬১ লক্ষ টাকা অর্থায়নে ৯৫৩টি গবেষণা প্রকল্প পরিচালনা করেছে এবং সেসব গবেষণার ফলাফল দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে।
অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ২৪ জুন রাত ৯টা থেকে চালু হওয়া গুগল ফর্মে নিবন্ধন করতে হবে। অফলাইন সেমিনারে আসন মাত্র ৮০টি, তাই প্রথমে আসলে আগে সুযোগ পাওয়া যাবে। তবে শিক্ষকদের জন্য আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন নেই।
আরও পড়ুন
২০১৫ সালে উদ্যোগ, এখন বহুতল ভবন ও মানুষের বসতি—পেছনে মোশাররফ হোসেন খান চৌধুরীর ভূমিকা
ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার
*বরুড়ায় একে এম আবু তাহের স্মৃতি আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট২০২৬ গ্রুপ নির্ধারণ সম্পন্ন: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বরুড়া 'বনাম' নাঙ্গলকোট*