ফজরের নামায পড়তে গিয়ে নিখোঁজ, জাল ফেলে পুকুর থেকে ১১ঘন্টা পর বৃদ্ধ উদ্ধার

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম

চৌদ্দগ্রাম প্রতিনিধি

ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজের ১১ঘন্টা পর মসজিদের সামনের পুকুরে জাল ফেলে উদ্ধার করা হয়েছে জারু মিয়া নামের এক বৃদ্ধের মরদেহ। বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ জারু মিয়া(৯০) একই গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের প্রতিবেশী জাফর মিয়া।

নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোররাতে বাবা জারু মিয়া ফজরের নামাজের উদ্দেশ্যে বের হয়ে ঘরে ফেরেননি। এরপর অনেক খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান পাওয়া যায়নি। পরে দুপুর ২ঘটিকায় সময় নালঘর দক্ষিণ পাড়া পুতার বাড়ি পূর্বপাড়ায় মসজিদের সামনের পুকুরে আমির হোসেনের জাল ফেললে বাবার মরদেহ পাওয়া যায়। আমরা ধারণা করছি, পুকুরের ঘাটে অজু করার সময় বাবা পুকুরে পড়ে যায়। 

শ্রীপুর ইউনিয়নের নালঘরের বাসিন্দা জাফর মিয়া বলেন, জারু মিয়া এলাকার বয়োস্ক ব্যক্তি। তিনি নিয়মিত মসজিদে গিয়ে নামায আদায় করেন। বৃহস্পতিবার ফজরের নামায পড়তে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে দুপুরে পুকুরে জাল ফেলে তল্লাশী করে জারু মিয়ার মরদেহ পাওয়া যায়। রাতে নামাযে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন