চট্টগ্রামের সিইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনো নিয়ন্ত্রণে আসেনি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পিএম
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আগুন লাগার পর পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও রাত ৭টা পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে, তাদের সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনীর আরও পাঁচটি ইউনিট। সব মিলিয়ে ২০টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির ওপরের কয়েকটি তলায় এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে।
সাততলা ভবনটির সর্বোচ্চ তলাটি গুদাম হিসেবে ব্যবহৃত হতো, যেখানে প্রচুর পরিমাণে সুতা, কাপড় ও দাহ্য পদার্থ মজুত ছিল। এসব দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি আরও জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ পর্যন্ত প্রায় ২৪ জন শ্রমিক ও কর্মচারীকে ভবন থেকে নিরাপদে বের করে আনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামের ভেতরে থাকা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ ও ইপিজেড কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থেকে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম সমন্বয় করছেন।
আরও পড়ুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনিদপ্তর, কুমিল্লা ও জেলা প্রশাসন কর্তৃক মাদকবিরোধী অভিযান ৪ জন গ্রেফতার।
কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান ৩ জন গ্রেফতার
*বাকপ্রতিবন্ধী দুই বোনকে ২০ ঘণ্টা হেফাজতে রেখে পরিবারের হাতে তুলে দিলেন কাইয়ুম মুন্সি ও জালাল সরকার*