কালীগঞ্জে দুর্নীতির দায়ে গোপালপুর হাইস্কুলর প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মানববন্ধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম

 ঝিনাইদহ সংবাদদাতা :

রবিবার(৫ জুলাই) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পালের লাগামহীন দুর্নীতি ও সীমাহীন অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা। তার দ্রুত অপসারণ এবং শাস্তির দাবিতে আজ সকাল ৯টায় বিদ্যালয় মাঠে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে ক্ষুব্ধ ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।

বার বার সাসপেন্ড, তবুও বহাল তবিয়তে!

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিকে নিজের ব্যক্তিগত দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। ইতিপূর্বে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে তিনি একাধিকবার সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হলেও প্রতিবারই ‘উপরিমহল’ ও প্রভাবশালী চক্রকে ম্যানেজ করে স্বপদে ফিরে আসেন। চেয়ারে ফিরেই তিনি দ্বিগুণ উৎসাহে আবারও দুর্নীতি ও অনিয়মে মগ্ন হন, যা গোটা শিক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।

চিত্তরঞ্জনের এই লাগামহীন স্বেচ্ছাচারিতা ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে ঐতিহ্যবাহী গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ পুরোপুরি ভেঙে পড়েছে। ক্ষুব্ধ অভিভাবকরা জানান:

"এই দুর্নীতিবাজ শিক্ষকের অধীনে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার। বাধ্য হয়ে এলাকার মানুষ এখন ঘরের কাছের স্কুল বাদ দিয়ে দূরবর্তী কালীগঞ্জ ও কোলাবাজার ইউনাইটেড হাইস্কুলে তাদের ছেলে-মেয়েদের ভর্তি করাচ্ছেন।"

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

মানববন্ধন থেকে ফুসে ওঠা জনতা ও অভিভাবকরা সাফ জানিয়ে দিয়েছেন, অবিলম্বে এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে অপসারণ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ভাঙা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং বিদ্যালয়ের সুনাম রক্ষা করতে তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।