পাঁচবিবিতে মাদকদ্রব্যসহ ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:

জয়পুরহাটের পাঁচবিবিতে ৩'শ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন এ্যাম্পুলসহ আবুজার রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রবিবার বিকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্তঘেঁষা শ্রীমন্তপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মোঃ শাহার উদ্দিনের ছেলে।

 

জয়পুরহাট জেলা ডিবি পুলিশের ওসি মোঃ আসাদুল ইসলাম আসাদ জানান, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে। এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশের সিনিয়র এসআই মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে শ্রীমন্তপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ্যাম্পুলসহ আবুজারকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩'শ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন এ্যাম্পুল উদ্ধার করা হয়েছে।

আটককৃত আবুজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম জানায়, সমগ্র জেলাসহ বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কেনাবেচা রোধে ডিবিসহ অন্যান্য ইউনিটের অভিযান আরও জোরদার করা হবে।