বরুড়ায় ফুটবলের মহারণ শুরু, উদ্বোধন করলেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
আবু ইউছুফ রাবেতঃ
ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে কুমিল্লার বরুড়ায় শুরু হয়েছে এ কে এম আবু তাহের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট। সাবেক সংসদ সদস্য মরহুম এ কে এম আবু তাহেরের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায়। বরুড়া পৌরসভার তলাগ্রাম ত.চ. লাহা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন মরহুম এ কে এম আবু তাহেরের সন্তান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
আয়োজকদের তথ্যমতে, টুর্নামেন্টের প্রাথমিক পর্বে অনুষ্ঠিত হবে মোট ৩৬টি ম্যাচ। চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপ দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। সব মিলিয়ে টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ৪২টি ম্যাচ।
আগামী ১৬ অক্টোবর দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিযোগিতা চলাকালীন সময়ে ফাইনাল ম্যাচের তারিখ ঘোষণা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসন ও বিএনপির নেতারা
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকদের প্রত্যাশা, এ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে স্থানীয় তরুণদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন উপজেলার খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে।
আরও পড়ুন
বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতালের যাত্রা শুরু, উদ্বোধন করলেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা কর্তৃক পরিচালিত অভিযানে ১ জন আটক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনিদপ্তর, কুমিল্লা ও জেলা প্রশাসন কর্তৃক মাদকবিরোধী অভিযান ৪ জন গ্রেফতার।