বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতালের যাত্রা শুরু, উদ্বোধন করলেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পিএম

আবু ইউছুফ রাবেত :

কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি)। আধুনিক চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণে নতুন এই হাসপাতালটি বরুড়া ও আশপাশের এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, “বরুড়াসহ আশপাশের গ্রামীণ জনগণের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এ অঞ্চলের মানুষকে যেন সামান্য চিকিৎসাসেবার জন্য দূরে যেতে না হয়, হাসপাতালটি সেই ঘাটতি পূরণে ভূমিকা রাখবে বলে আশা করি।”তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা সচল রাখা এবং সেবার মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবায় নতুন প্রত্যাশা স্থানীয়দের

হাসপাতালটির কার্যক্রম শুরু হওয়ায় বরুড়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু হওয়ায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। জরুরি চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার জন্য দূরবর্তী এলাকায় ছুটে যাওয়ার প্রয়োজনীয়তা কিছুটা কমতে পারে।স্থানীয়দের প্রত্যাশা, হাসপাতালটিতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, প্রয়োজনীয় জনবল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করে নিয়মিত সেবা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি চিকিৎসাসেবার মান বজায় রেখে হাসপাতালটিকে একটি কার্যকর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

২০ শয্যাবিশিষ্ট এ কে এম আবু তাহের হাসপাতালের উদ্বোধন বরুড়ার সোনাইমুড়ী ও পার্শ্ববর্তী অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার সূচনা করেছে।