পলাশবাড়ীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে রণক্ষেত্র, আহত ১৩
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৪২ পিএম
গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর জুনদহ বাজারে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে মীমাংসিত একটি ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের দুই ভাগ্নে কাকন ও নিরন বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী এবং গাইবান্ধা সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী আল আমিনকে মারধর করেন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, ৪ নম্বর বরিশাল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন, পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক তাবিজ, জবা, ডাবলু সবার উপর হামলা করা হয় এবং শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের গাইবান্ধা জেলা সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান মনা, জাকিরের উপরেও হামলা করা হয় এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন।
এছাড়া সংঘর্ষের পর রাতে পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজহারুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এ সময় তাঁর পিতা আবুল আলা মওদুদ এবং জামায়াতের কর্মী মিজান আহত হন। অভিযোগে বলা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালান। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে আশরাফুল ইসলাম, মিল্লাত সরকার মিলন ও শামিম রেজা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের পর জুনদহ বাজারে উভয় পক্ষের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা,
ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত তৎপরতা চালাচ্ছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারী আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনিদপ্তর, কুমিল্লা ও জেলা প্রশাসন কর্তৃক মাদকবিরোধী অভিযান ৪ জন গ্রেফতার।
কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান ৩ জন গ্রেফতার
*বাকপ্রতিবন্ধী দুই বোনকে ২০ ঘণ্টা হেফাজতে রেখে পরিবারের হাতে তুলে দিলেন কাইয়ুম মুন্সি ও জালাল সরকার*