বোয়ালখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা : নারীসহ আহত ৫

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৫৩ পিএম

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ 

চট্টগ্রামের বোয়ালখালীতে দাঁড়িয়ে থাকা লবণবাহী ট্রাকের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার 

(৬ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার রায়খালী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

আহতরা হলেন—পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর এলাকার মো. আজিজুল হকের ছেলে মো. সায়েম (২৫), পশ্চিম শাকপুরা ৪ নম্বর ওয়ার্ডের বাদল দাশের স্ত্রী রত্না দাশ (৪২), মানিক দাশের স্ত্রী রুনা দাশ (৩০), অজিত দাশের মেয়ে পম্পি দাশ (১৫) এবং কৃষ্ণ দাশের মেয়ে বৃষ্টি দাশ (১৮)।

 

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে মো. সায়েম, রত্না দাশ ও রুনা দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পম্পি দাশ ও বৃষ্টি দাশকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে বোয়ালখালী রায়খালী এলাকায় আরাকান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লবণবাহী ট্রাকটিকে সিএনজি অটোরিকশাটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।