আটোয়ারীতে ব্যবসায়ীর বাড়িতে সন্ধ্যায় চুরি, ৫ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা লুট

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

আটোয়ারী | ৬ আগস্ট ২০২৬

 

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বড়দাপ গ্রামের ঘোষপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে সংঘটিত এ ঘটনায় প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখেরও বেশি টাকা লুট হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক মানিক মদক ওই সময় ফকিরগঞ্জ বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। এদিকে তার স্ত্রী বাড়িতে তালা লাগিয়ে ছেলেকে আনতে পুরাতন বাড়িতে যান। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

 

পরে ঘরের আলমারি ও ট্রাঙ্কের তালা ভেঙে সেখানে রাখা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চোরেরা। রাতে বাড়িতে ফিরে দরজা-তালা ভাঙা অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। বিষয়টি বুঝতে পেরে তারা আশপাশের লোকজনকে খবর দেন।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, চুরি যাওয়া মালামালের মধ্যে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৬ লাখের বেশি টাকা রয়েছে।

 

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

 

খবর পেয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

আটোয়ারী থানার ওসি মতিউর রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।