উপকূলীয় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল ব্রি ধান ও কৃষি উপকরণ বিতরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:০২ পিএম
সাতক্ষীরা সংবাদদাতা :
উপকূলীয় অঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল উন্নত জাতের বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা 'লিডার্স'-এর উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে জলবায়ু সহনশীল ব্রি ধান-১০৩ ও ব্রি ধান-৮৭-এর বীজ, বিভিন্ন ধরনের সবজি বীজ এবং জৈব সার বিতরণ করা হয়। শনিবার (২৭ জুন) সকাল ১১টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম শফিউল আলমের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিজুর রহমান, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বুলকালাম, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল কুমার, সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কমলা রানী এবং সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদা খাতুন উপস্থিত ছিলেন। উন্নয়ন সংস্থা লিডার্সের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা মোছা. শামীম ও সি এম এম আব্দুর রহিমসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততার তীব্রতা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সনাতন পদ্ধতিতে কৃষি উৎপাদন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে জলবায়ু সহনশীল ও লবণ সহিষ্ণু ধানের জাত সম্প্রসারণ অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ। ব্রি ধান-১০৩ ও ব্রি ধান-৮৭ উপকূলের কৃষকদের অধিক ফলন নিশ্চিত করতে এবং প্রতিকূল পরিবেশেও চাষাবাদ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর পাশাপাশি সবজি বীজ ও জৈব সার ব্যবহারের মাধ্যমে কৃষকেরা একদিকে যেমন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন, অন্যদিকে পরিবেশবান্ধব কৃষি চর্চায় উদ্বুদ্ধ হবেন।
লিডার্সের কর্মকর্তারা জানান, কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষ প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে সংস্থাটি ধারাবাহিকভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে এই উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, গত বোরো মৌসুমেও সংস্থাটির উদ্যোগে কৃষকদের মাঝে লবণ সহিষ্ণু ব্রি ধান-৯৯ ও ব্রি ধান-৬৭-এর বীজ বিতরণ করা হয়েছিল। সেই মৌসুমে কৃষকরা সন্তোষজনক ও লাভজনক ফলন পাওয়ায়, এবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আমন মৌসুমে ব্রি ধান-১০৩ ও ব্রি ধান-৮৭-এর বীজসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হলো। স্থানীয় কৃষকেরা লিডার্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং উপকূলীয় অঞ্চলের কৃষির সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন
২০১৫ সালে উদ্যোগ, এখন বহুতল ভবন ও মানুষের বসতি—পেছনে মোশাররফ হোসেন খান চৌধুরীর ভূমিকা
ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার
*বরুড়ায় একে এম আবু তাহের স্মৃতি আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট২০২৬ গ্রুপ নির্ধারণ সম্পন্ন: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বরুড়া 'বনাম' নাঙ্গলকোট*