ঝিনাইদহে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন হয়রানি: আটক ১ জন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, ঝিনাইদহ সংবাদদাতা :
ঝিনাইদহ পৌর শহরের ভুটিয়ারগাতি গ্রামে চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই জঘন্য ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনির শিকার হয়েছেন লিটন বিশ্বাস (৫৫) নামের এক মুদি দোকানদার পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।
আজ শুক্রবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
কৌশলে পালায় শিশু, এলাকাবাসীর ক্ষোভ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ভুটিয়ারগাতি গ্রামের মুদি দোকানদার লিটন বিশ্বাস ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ডেকে নেয়। এরপর সে শিশুটিকে যৌন হয়রানি করে। একপর্যায়ে শিশুটি কৌশলে তার হাত থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসে এবং কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত খুলে বলে।
ঘটনাটি জানাজানি হলে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী শিশুর পরিবার ও ক্ষুব্ধ গ্রামবাসী তাৎক্ষণিকভাবে ওই মুদি দোকানে চড়াও হয়। উত্তেজিত জনতা অভিযুক্ত লিটন বিশ্বাসকে গণধোলাই দিয়ে একটি ঘরে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দোকানদার উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের জিম্মায় নেয়। গণপিটুনিতে আহত হওয়ায় পুলিশ প্রথমে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসা শেষে তাকে সরাসরি থানা হাজতে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান
"শিশুকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় জনতা এক মুদি দোকানদার মারধর করে আটকে রেখেছিল। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হাজতে আটকে রেখেছে। এই ঘটনায় ভিকটিম শিশুর পরিবারকে থানায় ডাকা হয়েছে। লিখিত ও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এলাকাবাসী এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত লম্পট মুদি দোকানির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান।
মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি! হোমনার একই পরিবারের ৪জন নিখোঁজ, উদ্ধার-২।
শিকারপুর দারুল কোরআন জিলানীয়া আলীম মাদরাসায় আলীম প্রথম বর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত