কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, ভোট পড়েছে ৯০ শতাংশের বেশি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:২১ পিএম

 তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির ২০২৬ সালের নির্বাচন শুক্রবার (১০ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ৩৭৮ জন। এর মধ্যে ২ হাজার ১৪২ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৯০ শতাংশেরও বেশি।

সমিতির ১২টি পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ১০টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা ৯টি ব্যালটের মাধ্যমে ১০ জন প্রতিনিধি নির্বাচন করেন।

নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি সার্বিক প্রস্তুতি গ্রহণ করে। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোহাম্মদ রাসেল নির্বাচিত হন।

এছাড়া নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সিনিয়র সহ-সভাপতি রেহান উদ্দিন রেহান, সহ-সভাপতি রহিমুল হক হিরু, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক খালেকুজ্জামান, ক্রীড়া সম্পাদক ফরিদ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোনাফেক খান, অর্থ সম্পাদক মোহাম্মদ জাফর, ১ নম্বর কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ব্যবসায়ীরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বন্দর এলাকার উন্নয়ন এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।