পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদীর উপর ব্রিজের সংযোগ সড়কে বিশাল গর্ত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাত:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ও কুসুম্বা ইউনিয়নের সংযোগস্থলে তুলসীগঙ্গা নদীর উপরে নির্মিত ঐতিহাসিক পাথরঘাটা ব্রিজের পূর্বপাড়ে বড় গর্তটি ১৪ দিন অতিবাহিত হলেও এখনো সংস্কার করা হয়নি। সম্প্রতি টানা বর্ষণে গর্তটি আরও বড় আকার ধারণ করেছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে যেকোনো সময় ব্রিজটির সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।  যোগাযোগ বিছিন্ন হলে শতাধিক শিক্ষার্থীর লেখাপড়ার বিঘ্ন ঘটবে।

ব্রিজটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিবেদন প্রকাশের পর এক ব্যক্তি দুই মেসি ট্রাক্টর মাটি দিয়ে গর্তটি ভরাট করলেও বৃষ্টির কারণে মাটি দেবে গিয়ে আবারও গর্ত সৃষ্টি হয়েছে।

গত ২ জুলাই বিষয়টি পাঁচবিবি উপজেলা প্রকৌশলীকে অবগত করা হলেও এখন পর্যন্ত কোনো সংস্কার কাজ শুরু হয়নি। ফলে ব্রিজটি ব্যবহারকারী ক্ষুদে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

স্থানীয়রা জানান, প্রথমে কয়েকটি ইট সরে গিয়ে ছোট একটি গর্তের সৃষ্টি হয়। পরে ভারি বৃষ্টিপাতের কারণে ব্রিজের পূর্বপাড়ের ইট ও মাটি ধসে গিয়ে গর্তটি ক্রমেই বড় হতে থাকে। বর্তমানে গর্তটি ভয়াবহ আকার ধারণ করেছে। ভারি বর্ষণ হলে যে কোনো সময় ব্রিজের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

ওই ব্রিজ দিয়ে মঠপাড়া, বেলপুকুর, কাশিয়াবাড়ী, খুলুঘাটা ও কদমপুকুর গ্রামের শতাধিক শিক্ষার্থী পাথরঘাটা মিশন স্কুল, উচাই জেরকা এসসি উচ্চবিদ্যালয় এবং উচাই বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজে যাতায়াত করে থাকেন। এছাড়া প্রতিদিন শত শত যানবাহন ও হাজারো মানুষ যাতায়াত করে থাকেন এই পথে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সংস্কারের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) এ বিষয়ে জানতে চাইলে পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন , ইউপি চেয়ারম্যানকে বলে মাটি ফেলে গর্তটি ভরাটের ব্যাবস্থা করবেন। 

উল্লেখ্য বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে তুলসীগঙ্গা নদীর ওপর ব্রিজটি নির্মাণ করা হয়।