আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন সাধু পিতর ও পৌলের পর্ব উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ক্যাথলিক মিশন ধর্মপল্লীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সাঁওতাল সম্প্রদায়ের নারীরা ঐতিহ্যবাহী মাদল বাদ্য ও মনোমুগ্ধকর নৃত্যের মাধ্যমে রাজশাহী, দিনাজপুর ও জয়পুরহাট এই তিন ধর্মপ্রদেশের বিশপসহ আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। আদিবাসীদের বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।

 

পরে পরিচয়পর্ব শেষে গির্জায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় পবিত্র আরাধনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী, দিনাজপুর ও জয়পুরহাটসহ দেশের বিভিন্ন এলাকার বিশপ, যাজক, সন্ন্যাসিনী, ধর্মভ্রাতা এবং বিপুলসংখ্যক খ্রিস্টভক্ত অংশ নেন।

 

পবিত্র আরাধনা শেষে দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ আনুষ্ঠানিকভাবে পাথরঘাটা ক্যাথলিক মিশনের চাবি ও স্থাবর সম্পদের দায়িত্ব নবগঠিত জয়পুরহাট ধর্মপ্রদেশের নবাগত বিশপ পল গোমেজ ডিডির হাতে হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে পাথরঘাটা ধর্মপল্লী আনুষ্ঠানিকভাবে জয়পুরহাট ধর্মপ্রদেশের অন্তর্ভুক্ত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও ডিডি, দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু ডিডি, জয়পুরহাট ধর্মপ্রদেশের নবাগত বিশপ পল গোমেজ ডিডি, জয়পুরহাটের ভিক্টর জেনারেল ফাদার আন্তলী হাঁসদা, দিনাজপুর ধর্মপ্রদেশের ভিক্টর জেনারেল ফাদার কেরোবিন বাকলাসহ রাজশাহী, দিনাজপুর ও জয়পুরহাট ধর্মপ্রদেশের বিভিন্ন যাজক, সন্ন্যাসিনী, ধর্মভ্রাতা এবং শত শত নারী-পুরুষ খ্রিস্টান ভক্ত।

সকাল থেকেই জয়পুরহাট, রাজশাহী, দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকার ধর্মপল্লী থেকে ফাদার, সিস্টার ও খ্রিস্টভক্তরা অনুষ্ঠানে যোগ দিতে আসেন। ধর্মীয় সংগীত, প্রার্থনা ও উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে পাথরঘাটা ক্যাথলিক মিশন প্রাঙ্গণ।

রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও ডিডি বলেন, "পল গোমেজ একজন যোগ্য যাজক। ঈশ্বর তাঁকে এই দায়িত্বের জন্য মনোনীত করেছেন। তাঁর নেতৃত্বে জয়পুরহাট ধর্মপ্রদেশ আরও সমৃদ্ধ হবে বলে আমি আশাবাদী।

দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু ডিডি বলেন, "মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসা ও যত্নের বহিঃপ্রকাশ এই আয়োজন। নতুন জয়পুরহাট ধর্মপ্রদেশ প্রতিষ্ঠা এবং পল গোমেজকে এর প্রথম বিশপ হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আমরা পোপ লিও চতুর্দশের প্রতি কৃতজ্ঞ। বিশপের দায়িত্ব কোনো ব্যক্তিগত অর্জন নয়, এটি ঈশ্বরপ্রদত্ত এক বিশেষ পালকীয় দায়িত্ব।

নবাগত জয়পুরহাট ধর্মপ্রদেশের বিশপ পল গোমেজ ডিডি বলেন, "আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমি নিজেকে অযোগ্য মনে করলেও ঈশ্বর তাঁর কাজের জন্য আমাকে বেছে নিয়েছেন। এই দায়িত্ব যথাযথভাবে পালনে আপনাদের প্রার্থনা, সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জয়পুরহাট ধর্মপ্রদেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে।

আয়োজন কমিটির সদস্য লুইস টুডু বলেন, দীর্ঘদিন ধরে পাথরঘাটা ক্যাথলিক মিশন দিনাজপুর ধর্মপ্রদেশের অধীনে ছিল। গত ৫ জুন জয়পুরহাটকে নতুন ধর্মপ্রদেশ হিসেবে ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিকভাবে পাথরঘাটা ধর্মপল্লীর দায়িত্ব ও চাবি নবাগত জয়পুরহাট ধর্মপ্রদেশের বিশপের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন জাতিগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর অন্যতম আকর্ষণ ছিল সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।