চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, প্রস্তুতি ও চিকিৎসাসেবা জোরদারের নির্দেশ-সিভিল সার্জনের।
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০২:২১ পিএম
মামুন মিঞা, ফরিদপুর:
বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের সিভিল সার্জন চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালের সার্বিক প্রস্তুতি, চিকিৎসাসেবা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তর্বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার মান, সরকারি ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সেবার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতাল এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। তিনি ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল যেমন—ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও ফুলের টবে জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের উদ্দেশে তিনি ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি দিনে ও রাতে মশারি ব্যবহার, ফুলহাতা পোশাক পরিধান এবং জ্বর দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন।
সিভিল সার্জন হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু কর্নার সর্বদা প্রস্তুত রাখা, পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও প্রয়োজনীয় ওষুধ মজুদ নিশ্চিত করার নির্দেশনা দেন।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা এবং বায়োমেট্রিক উপস্থিতি পরীক্ষা করেন। চিকিৎসকদের শতভাগ উপস্থিতি সন্তোষজনক উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান।
পরিদর্শনের এক পর্যায়ে তিনি হাসপাতাল প্রাঙ্গণের আবাসিক ভবনগুলোও ঘুরে দেখেন এবং আবাসিক ভবন ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি আরও জোরদার করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন
শুহিলপুরে নিজস্ব অর্থায়নে প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার।
বিদ্যুৎ গেলেই মুমূর্ষু রোগীর দুর্ভোগ, রিসিপশনে চলে ফ্যান! বরুড়া সরকারি হাসপাতালে জরুরি বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
লালমাইয়ে এক জন্য প্রবাসী বিচার না পেয়ে নিজের কবর নিজেই খুঁড়লেন