বাংলাবান্ধায় অনলাইন ইজারা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ইউপি সদস্যের ওপর হামলা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম
সঞ্জু বনিক সৌরভ, পঞ্চগড়:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে ট্যাক্স আদায়ের ইজারা অনলাইনে উন্মুক্তভাবে বিজ্ঞপ্তি প্রকাশকে কেন্দ্র করে এক ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ইউপি সদস্য হাসিবুল ইসলামকে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের ট্যাক্স আদায়ের ইজারার মেয়াদ শেষ হওয়ার পর ২০২৬-২৭ অর্থবছরের জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে সকল ইউপি সদস্যের সম্মতিক্রমে অনলাইনে উন্মুক্ত ইজারা আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ রয়েছে, এ সিদ্ধান্তে অসন্তুষ্ট একটি পক্ষ ইজারা প্রক্রিয়া নিজেদের নিয়ন্ত্রণে রাখতে ইউপি সদস্যদের ওপর চাপ সৃষ্টি করে আসছিল।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা ৩০ মিনিটের দিকে ইউপি সদস্য হাসিবুল ইসলাম একা থাকা অবস্থায় তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলার পর স্থানীয়রা ও স্বজনরা তাঁকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর আহত ইউপি সদস্যের পরিবার নিরাপত্তাহীনতার কথা জানিয়ে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
শুহিলপুরে নিজস্ব অর্থায়নে প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার।
বিদ্যুৎ গেলেই মুমূর্ষু রোগীর দুর্ভোগ, রিসিপশনে চলে ফ্যান! বরুড়া সরকারি হাসপাতালে জরুরি বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
লালমাইয়ে এক জন্য প্রবাসী বিচার না পেয়ে নিজের কবর নিজেই খুঁড়লেন