কালীগঞ্জে সতি নদী থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম
হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সতি নদী থেকে শিশু বর্মন (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম এলাকার বাসিন্দা এবং তারক নাথ চন্দ্রের ছেলে।
নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর শনিবার সকালে হররাম পূর্বপাড়া এলাকার সতি নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার সকালে ধানের চারা রোপণ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শিশু বর্মন। এরপর তিনি আর বাড়ি ফেরননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এদিন সকালে সতি নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা জানান, শুক্রবার সকাল থেকেই শিশু বর্মন নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, নদী পার হওয়ার সময় তিনি পানিতে পড়ে ডুবে মারা যেতে পারেন।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
২০১৫ সালে উদ্যোগ, এখন বহুতল ভবন ও মানুষের বসতি—পেছনে মোশাররফ হোসেন খান চৌধুরীর ভূমিকা
ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার
*বরুড়ায় একে এম আবু তাহের স্মৃতি আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট২০২৬ গ্রুপ নির্ধারণ সম্পন্ন: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বরুড়া 'বনাম' নাঙ্গলকোট*