আমাকে নিয়ে যারা ট্রল করেছে, তারা কেউ পরীক্ষার্থী না: নওগাঁয় শিক্ষামন্ত্রী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৩১ এএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা সংবাদদাতা:
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যতই ট্রল বা সমালোচনা করা হোক না কেন, সরকার শিক্ষার মানোন্নয়ন ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে পিছিয়ে যাবে না। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক পরীক্ষা নিয়ে যারা আন্দোলন করেছে, তাদের বেশিরভাগই প্রকৃত পরীক্ষার্থী ছিল না।
শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমাকে নিয়ে যারা ট্রল করেছে, তারা কেউ পরীক্ষার্থী নয়। সিটি কলেজ, আইডিয়াল কলেজ কিংবা ভিকারুননিসার শিক্ষার্থীদের আন্দোলনে দেখিনি। একটি গোষ্ঠী ভুল তথ্য ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। কিন্তু আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব নিয়ে এসেছি। ট্রল বা অপবাদ আমাদের দায়িত্ব পালনে বাধা হতে পারবে না।”
সাম্প্রতিক এইচএসসি পরীক্ষা নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এক শিক্ষার্থী তাঁকে বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছিলেন। তিনি জানান, বৃষ্টিতে শিক্ষার্থীদের কষ্ট নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন এবং নিজের মেয়ের উদাহরণ টেনে বিষয়টি ব্যাখ্যা করেছিলেন। কিন্তু সেই বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, “লেখাপড়ার কোনো বিকল্প নেই। শিক্ষার মান উন্নয়ন করতেই হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। সবাই নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করলে দেশ এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাছানাত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ, ইউজিসির সদস্য আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মঈনুদ্দিন আল মাহমুদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরিদুল ইসলাম।
সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। যে শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রের কাজে আসে না, সে ধরনের শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে।
ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়া জেলার জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। প্রথম ব্যাচের শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ ভিত্তি রচনা করবে।
এর আগে সকাল ১১টার দিকে শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে তিনি শ্রেণিকক্ষ, পাঠাগার ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। নবীনবরণ অনুষ্ঠানে প্রথম ব্যাচের ৮০ জন শিক্ষার্থীর হাতে আমগাছের চারা তুলে দিয়ে তাদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের ৩ ডিসেম্বর ইউজিসির অনুমোদন পায়। আইন বিভাগ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম শুরু হলো।
আরও পড়ুন
শুহিলপুরে নিজস্ব অর্থায়নে প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার।
বিদ্যুৎ গেলেই মুমূর্ষু রোগীর দুর্ভোগ, রিসিপশনে চলে ফ্যান! বরুড়া সরকারি হাসপাতালে জরুরি বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
লালমাইয়ে এক জন্য প্রবাসী বিচার না পেয়ে নিজের কবর নিজেই খুঁড়লেন